বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৫:৫৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৫:৫৪:২০ অপরাহ্ন
বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মুস্তাকিম (১৭) চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
 
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে মুস্তাকিমের সঙ্গে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে শাহাদত হোসেন ও তার বাবা শাহা আলী হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

একপর্যায়ে শাহাদত মুস্তাকিমকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওখিলা পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা বলেন, ‘মুস্তাকিমের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি বিদ্যালয়ের বাইরে ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]