চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ১১:০৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ১১:০৮:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় সংঘটিত আলোচিত আকাশ দাস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. রায়হান প্রকাশ রেন্ডিকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭, চট্টগ্রামের (মুখপত্র) সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গত ১৮ মে রাতে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল রাজধানীর হাজারীবাগ থানাধীন কালুনগর ওয়ার্ল্ড ট্রেড প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রায়হান হবিগঞ্জ সদর উপজেলার সওদাগর মিয়ার বাড়ির বাসিন্দা ইসমাইলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। এ সময় সহকর্মী আকাশ দাস তাকে উদ্ধার করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও আকাশের বাবা বাবুল দাস তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আকাশ দাস দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর নিহতের বাবা বাবুল দাস পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান পলাতক আসামি রায়হান প্রকাশ রেন্ডি ঢাকার হাজারীবাগ এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]