আমেরিকা নয়, রাশিয়ার কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব দিল ইরান!

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:০৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:০৯:৩৮ অপরাহ্ন
ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার রাশিয়ার কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল হাদাথ সোমবার তেহরান থেকে ‘ফাঁস হওয়া’ একটি নথির উল্লেখ করে জানিয়েছিল, পাকিস্তানের মাধ্যমে আমেরিকায় কাছে পাঠানো যুদ্ধবিরতির খসড়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার ওই প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার সেই দাবির সত্যতা মেনে নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সংবাদমাধ্যম ‘তাস’।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত। তবে শর্ত হল, তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে দিতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র হিসাব অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সাধারণত পরমাণু অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। কিন্তু ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের সাহায্যে তেজস্ক্রিয় ‘ডার্টি বম্ব’ তৈরি করা সম্ভব।

আল হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চায় ওমান ও পাকিস্তান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্ভূত হতে পারে এমন যে কোনও সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক এবং আমেরিকার সঙ্গে সম্ভাব্য যে কোনও চুক্তি জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পাক। এ ছাড়া, তেহরান তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যা থেকে হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সংক্রান্ত বিষয়গুলোকে পৃথক করতে চায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব কোনও অবস্থাতেই মানবেন না বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]