দুই-তিন দিনের মধ্যে নতুন করে হামলা করতে পারি! ইরানকে হুঙ্কার দিয়ে চুক্তির জন্য চাপ ট্রাম্পের

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৬:০৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৬:০৬:৩৮ অপরাহ্ন
ইরানের সঙ্গে কি আমেরিকার শান্তিবৈঠক আদৌ হবে? হলেও তা ফলপ্রসূ হবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে নানা মহলে। সেই আবহে এ বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিলেন। শুধু তা-ই নয়, বেঁধে দিলেন সময়সীমাও। তাঁর ইঙ্গিত, চলমান আলোচনা ব্যর্থ হলে আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ করা হবে।

ইরানে আবার হামলা চালানোর পরিকল্পনা করা হয়ে গিয়েছে, তা বিগত কয়েক দিনে বার বার বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে পরিকল্পনার পরেও এখনও পর্যন্ত হামলার পথে হাঁটেনি আমেরিকা। তবে ট্রাম্প জানালেন, আর বেশি দিন সময় তিনি ইরানকে দিতে চান না! সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘দু’-তিন দিনের মধ্যে... শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’’ তিনি বুঝিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্ত করতে তেহরানের হাতে আর বেশি সময় নেই।

মঙ্গলবারই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না করার জন্য। তাঁদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।

ট্রাম্প এ-ও দাবি করেন, তিনি এক ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমোদন দিতেন। তবে ‘বন্ধুরাষ্ট্র’দের অনুরোধে তা আপাতত স্থগিত রয়েছে। তাঁর কথায়, ‘‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম।’’ তবে এ-ও জানান, তিনি চান কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান বার হোক। কিন্তু সেই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে আবার হামলার পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ট্রাম্প। তিনি এ-ও স্পষ্ট করেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে যে চুক্তিই হোক না কেন, তাতে তেহরানকে নিশ্চিত করতে হবে, তারা কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না।

দু’দেশই নিজেদের মতো শর্ত চাপিয়ে শান্তিচুক্তি চূড়ান্ত করার প্রস্তাব দিচ্ছে। কিন্তু সেই শর্ত নিয়ে আবার কবে আমেরিকা এবং ইরান, মুখোমুখি আলোচনায় বসবে, তা ঠিক নেই। ট্রাম্প স্পষ্টতই চান, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার তুলে দিক আমেরিকার হাতে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই শর্তে এখনও পর্যন্ত রাজি নয় তেহরান। তার মধ্যেই শোনা যাচ্ছে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার রাশিয়ার কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে! এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত। তবে শর্ত হল, তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে দিতে হবে। প্রশ্ন উঠছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার রাশিয়ার হাতে চলে যাবে, তা কি আদৌ মেনে নেবেন ট্রাম্প?

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]