ঠাকুরগাঁওয়ে দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:৪৫:১৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে  সোমবার (১৮ মে)  লিচুর বিচি গলায় আটকে এক শিশু ও ঘরের ঢেউ টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু খবর পাওয়া গেছে ।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে লিচুর বিচি গলায় আটকে হোসেন নামে মাত্র ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের মাহামুদুল হকের  ছেলে।

​স্থানীয়রা জানায়,  শিশু হোসেনকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে শিশুটি ছটফট শুরু করলে পরিবারের লোকজন তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অপরদিকে ঘরে ঢেউ টিনের কাজ করার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেটগাঁও সিন্দুল্যা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠুন (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে।

​জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠুন মিত্রবাটি গ্রামে আনোয়ার হোসেনের বাড়িতে ঘরের চালের টিনের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এপ্রসঙ্গে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হোসেন নামের ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা ইসিজি  করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

​এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, গলায় লিচুর বিচি আটকে এক শিশু এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]