জিলহজের প্রথম দশক মুখরিত থাকুক আল্লাহর জিকিরে

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৭:১৬:১৮ অপরাহ্ন
জিলহজের প্রথম দশক আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। এ দশকের যে কোনো নফল আমলের সওয়াব অন্যান্য সময়ের নফল আমলের চেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, অন্যান্য যে কোনো সময়ের তুলনায় জিলহজের প্রথম দশ দিনের নেক কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। (সহিহ বুখারি)

এ দশকের অন্যতম বিশেষ আমল আল্লাহর জিকির। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, নেক আমলের জন্য এ দশ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ। তোমরা এ সময়ে বেশি বেশি লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর জিকির করো। (মুসনাদে আহমদ)

বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) ও আবু হোরায়রা (রা.) এ দশদিন বাজারে যাওয়ার সময়ও উচ্চৈস্বরে তাকবির বলতে বলতে যেতেন, অন্যরাও তাদের দেখাদেখি তাকবির বলতো। এভাবে তারা সবাইকে মনে করিয়ে দিতেন আল্লাহর বড়ত্ব ও পবিত্রতা বর্ণনার বিশেষ ফজিলতপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে।

জিলহজের চার দিন ৯ জিলহজ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। তাকবিরে তাশরিক হলো,

الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد

উচ্চারণ: আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর জন্যই সব প্রশংসা।

জিলহজের প্রথম দশক ফজিলতপূর্ণ কেন?
সহিহ বুখারির প্রখ্যাত ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানি (রহ.) জিলহজের প্রথম দশকের বিশেষ মর্যাদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জিলহজের প্রথম দশকের মর্যাদার কারণ হলো, এ দিনগুলোতে ইসলামের সবগুলো মৌলিক ইবাদত অর্থাৎ নামাজ, রোজা, সদকা, ও হজ একত্রিত হয় যা অন্য কোনো সময় হয় না। (ফাতহুল বারি)

অর্থাৎ এ দিনগুলোতে নামাজ আদায় করা হয় সব সময়ের মতোই, প্রথম দশকের রোজা বিশেষত আরাফার দিনের রোজা বিশেষ ফজিলতপূর্ণ, ফরজ সদকা বা জাকাত সারা বছরের মতো এ সময়ও আদায় করা যায়, নফল সদকারও বিশেষ মৌসুম এটি, আর হজ শুধু এ সময়েই পালন করা যায়। বছরের অন্য কোনো সময় ইসলামের সবগুলো মৌলিক ইবাদত একসাথে পালিত হয় না। এটাই জিলহজের প্রথম দশকের বিশেষ মর্যাদার কারণ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]