ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৩৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৬:৩৫:৫৯ অপরাহ্ন
উচ্চশিক্ষার আলো ছড়াতে যাচ্ছে দেশের সর্ব-উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে। অবহেলিত এই জনপদের শিক্ষা খাতকে এগিয়ে নিতে নবগঠিত ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে দেশের এই নতুন বিদ্যাপীঠের শিক্ষা কার্যক্রম।

​মঙ্গলবার (১৯ মে) ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। গত ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

​মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

​বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের নিবিড় সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তি নির্ভর করে দেশে-বিদেশে এর সুনামের ওপর। এই বিশ্ববিদ্যালয়ের সাথে এই জনপদের সুনামও জড়িয়ে আছে।

​তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে এবং এই অঞ্চলের গৌরব অক্ষুণ্ন রাখতে তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন।

​দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁওয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দ্রুতই দেশের অন্যতম সেরা এবং যুগোপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

​ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু (ভারপ্রাপ্ত)  সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায়  সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]