নিয়ামতপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫৫:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০৫:৫৫:৪৫ অপরাহ্ন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে   তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রার  মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে এই শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ভূমি সেবাগ্রহীতারা অংশ নেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমি সেবা নিতে আসা সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় স্থাপিত বিভিন্ন স্টল থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, জমাখারিজ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং ই-পর্চা ডাউনলোডসহ ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও লুডু) বিতরণ করা হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]