বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৮:৩৬:০০ অপরাহ্ন
বরিশাল জজ কোর্টের এক আইনজীবীকে ব্ল্যাকমেইল, মিথ্যা অপপ্রচার ও ‘হানি ট্র্যাপ’ ফাঁদে ফেলে অর্থ দাবি করার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি তাজরিন জাহান ইভা (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল জজ কোর্টের আইনজীবী এস এম তৌহিদুর রহমান সোহেলের চেম্বারে “আইনি পরামর্শ” নেওয়ার কথা বলে নিয়মিত যাতায়াত করতেন তাজরিন জাহান ইভা ও তার সহযোগীরা। পরে অভিযোগ ওঠে, তারা পূর্বপরিকল্পিতভাবে আইনজীবীকে টার্গেট করে একটি ব্ল্যাকমেইল চক্র পরিচালনা করে।

অভিযোগ অনুযায়ী, আইনজীবীর ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে এবং মিথ্যা ও মানহানিকর ভিডিও তৈরি করে ‘নাগরিক বরিশাল’, ‘বরিশাল সংবাদ’ ও ‘ক্রাইম জোন ২৪’ নামের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হয়। একপর্যায়ে ইভা নিজেকে আইনজীবীর স্ত্রী পরিচয় দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, এসব কনটেন্ট মুছে ফেলার বিনিময়ে আইনজীবীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আরও ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চাপ ও মানহানির শিকার হয়ে গত ১৩ মে ২০২৬ তারিখে আইনজীবী তৌহিদুর রহমান সোহেল বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে কোতয়ালী মডেল থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। (মামলা নং: জিআর ৩১৬/২০২৬)।

পরে কোতয়ালী মডেল থানার অধীন স্টিমার ঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাসের নেতৃত্বে সদর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি তাজরিন জাহান ইভাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]