রাতে চুরির ৮ ঘণ্টার মধ্যেই গরু উদ্ধার, সকালে মিমাংসা করলেন বাদী-বিবাদী

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৩:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৩:০৬:৫৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় গভীর রাতে গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু আট ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর বাদী ও অভিযুক্ত পক্ষ নিজেদের মধ্যে আপস-মীমাংসা করায় মামলাটি আর এগোয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে নতুন ফুতকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে নগরীর গুড়িপাড়া এলাকা থেকে গরুটি উদ্ধার করে শাহমখদুম থানা পুলিশ।

ভুক্তভোগী মোসা. নাসিমা জানান, রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, তার তিনটি গরুর মধ্যে একটি নেই। পরে পরিবারের সদস্যরা আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

অভিযোগে বলা হয়, নতুন ফুতকিপাড়া এলাকার কয়েকজনের সহযোগিতায় কাশিয়াডাঙ্গা এলাকার রাকিবসহ আরও কয়েকজন গরুটি নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লিলিহল মোড় এলাকার একটি সিসিটিভি ফুটেজে রাত ১টা ১৬ মিনিটে কয়েকজনকে গরু নিয়ে যেতে দেখা যায়।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগ পাওয়ার পর এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে।

পরে রাত আনুমানিক ৮টার দিকে গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাকিবুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বুধবার (১৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। রাতেই গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়েছে। পরে বাদী ও বিবাদী নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। আজ সকালে তারা থানায় আপসনামা জমা দিয়েছে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]