স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৭:০১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৭:০১:০৯ অপরাহ্ন
কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২) জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি অটোরিকশায় চড়ে পাশের বরুড়া থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাদের পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। পরে ওই তিনজন ফোন করে আরও দুজনকে আনেন। তারা কয়েকজন ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

একপর্যায়ে স্বামীকে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কামাখোলা এলাকায় ভোর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে। 

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনায় ৫ জন জড়িত ছিল। আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িত অপর একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]