ময়মনসিংহ জেলার গৌরীপুরে এক বাক-প্রতিবন্ধী (অটিজম) শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি আরিফুল ইসলাম প্রকাশ মুন্নাকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। ঘটনার প্রায় ১০ মাস পর গত ২৬ এপ্রিল (রোববার) রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মুন্না ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গাগলা গ্রামের আবুল হাশেমের ছেলে এবং শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
তদন্ত ও মামলার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ জুন গৌরীপুর থানার গাগলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম শিশুটি সম্পর্কে মুন্নার ভাগনি (মায়ের আপন ফুফাতো ভাই)। ঘটনার দিন ভিকটিমের মা তাঁর কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করতে ময়মনসিংহ আদালতে গিয়েছিলেন।
বাসায় কেউ না থাকার সুযোগে মুন্না ওই বাক-প্রতিবন্ধী শিশুকে পুতুল দেওয়ার লোভ দেখিয়ে নিজ বিছানায় নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম তাঁর মাকে ইশারা ও অস্পষ্ট ভাষায় বিষয়টি জানালে গত ১৭ জুন ২০২৫ তারিখে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে মুন্না গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন এবং চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় আত্মগোপন করেছিলেন। র্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে ময়মনসিংহের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।