রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৮:২৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৮:২৬:৫৬ অপরাহ্ন
চট্টগ্রামের রাউজান উপজেলায় তিন দিনের ব্যবধানে আরও এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত নাছির উদ্দিন (৫৫) উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাত সোয়া ৯টার দিকে বাড়ির কাছে লেংগা বাইল্যারঘাটা এলাকায় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

স্থানীয়দের দাবি, এলাকায় মাটি ও পাহাড় কাটা, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশের ভাষ্য, নিহত নাছির উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

এর আগে গত শুক্রবার একই উপজেলায় আরেক বিএনপি কর্মী কাওসারুজ্জামান বাবুলকে গুলি করে হত্যা করা হয়। পরপর দুই হত্যাকাণ্ডে রাউজানজুড়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]