নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৪২:০৩ অপরাহ্ন
মাঠে নামার আগে মাইলফলক থেকে মাত্র ১ উইকেট দূরে ছিলেন নাঈম হাসান। বল হাতে নিয়ে অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে ব্যক্তিগত ষষ্ঠ ওভারেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই অফস্পিনার। দিন শেষে তার প্রাপ্তি ওই এক উইকেটই, ১৩ ওভারে ৪৬ রান খরচায়।

সোমবার চলতি বিসিএলের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল জোনের মুখোমুখি হয়েছে ইস্ট জোন। প্রথম দিন শেষে সেন্ট্রালের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭২ রান। ইনিংসের ৪৩তম ওভারে নাঈমকে কাভারে ইনসাইড আউট শট খেলতে গিয়ে জাকির হাসানের হাতে ধরা পড়েন সাদমান ইসলাম। আর এতেই ১৪তম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন নাঈম।

বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ১২৩ ম্যাচে শিকার করেছেন ৬০১ উইকেট। দেশের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

এই তালিকায় তার পরেই আছেন সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ১১৮ ম্যাচে নিয়েছেন ৪৪৯ উইকেট। আরেক স্পিনার তাইজুল ইসলাম ৯৪ ম্যাচে শিকার করেছেন ৪৪০ উইকেট।

দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন এনামুল হক জুনিয়র। তিনি ১১২ ম্যাচে পেয়েছেন ৪১৮ উইকেট। অন্যদিকে প্রয়াত মোশাররফ হোসেন ১০৮ ম্যাচে নিয়েছেন ৩৮৩ উইকেট।

এছাড়া অভিজ্ঞ স্পিনার নাবিল সামাদ ১১৩ ম্যাচে শিকার করেছেন ৩৭৮ উইকেট। আর পেসার মোহাম্মদ শরীফ ১১৯ ম্যাচে নিয়েছেন ৩৭৪ উইকেট। এই তালিকায় আরও আছেন সাকলাইন সজীব, যিনি ৯৪ ম্যাচে নিয়েছেন ৩৬৭ উইকেট। অলরাউন্ডার সোহাগ গাজী ১১৪ ম্যাচে শিকার করেছেন ৩৫৭ উইকেট।

অন্যদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ ১০৯ ম্যাচে নিয়েছেন ৩৪৮ উইকেট, ইলিয়াস সানি ৯৪ ম্যাচে পেয়েছেন ৩৩৮ উইকেট এবং পেসার আবু জায়েদ ১০৩ ম্যাচে শিকার করেছেন ৩১৮ উইকেট।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]