চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:২৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:২৫:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি ভারতীয় পাথরবোঝাই ট্রাক থেকে পাঁচ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনামসজিদ সীমান্তসংলগ্ন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি স্টোন ইয়ার্ডে অভিযান চালিয়ে ট্রাকসহ এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)–এর একটি টহল দল সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করে রাখা ভারতীয় ট্রাকটি (নম্বর: WB65-D-8924) তল্লাশি করা হয়।

সূত্র জানায়, তল্লাশির সময় ট্রাকে বহন করা পাথরের স্তূপের ভেতরে বিশেষ কৌশলে ত্রিপল দিয়ে মোড়ানো ২০টি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে মোট ৫ হাজার ৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়। এর মধ্যে এসকাফ ডিএক্স (Eskuf DX) ৩ হাজার ৮৯৭ বোতল এবং ফেয়ারডিল (Fairdyl) ২ হাজার ৩৮ বোতল।

অভিযানের সময় ট্রাকচালক বা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় সূত্র।

বিজিবি জানায়, মাদক বহনের দায়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা পাথর ও সিরাপসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে অপব্যবহৃত বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপের মোট ১০ হাজার ৫৩৫ বোতল জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]