নিয়ম করে লেবুর জল খেলে কি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে?

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:১৯:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:১৯:২১ অপরাহ্ন
অনেকেরই দিন শুরু হয় খালি পেটে লেবু-জল খেয়ে। তা ছাড়া, চিকিৎসকেরা পরামর্শ দেন ভাতের পাতেও পাতিলেবু খেতে। কারণ, ভিটামিন সি-তে ভরপুর লেবু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু নিয়ম করে কেউ যদি লেবুর রস বা পাতিলেবুর জল খান, তাতে কি কিডনি স্টোনের ঝুঁকিও কমে?

ইদানীং কিডনিতে পাথর হওয়ার কথা প্রায়ই শোনা যায়। ছোট থেকে বড়— যে কোনও বয়সেই এমনটা হয়। যখন টের পাওয়া যায়, তখন পাথর হয়তো এতটাই বড় হয়ে গিয়েছে যে, অস্ত্রোপচার বা বিশেষ চিকিৎসা পদ্ধতি ছাড়া তা বার করার উপায় থাকে না। তা ছাড়া, এক বার কারও কিডনিতে পাথর হলে, বার বার পাথর হওয়ার প্রবণতাও দেখা যায়।

সেই ঝুঁকি এড়ানো যায় কী ভাবে?
চিকিৎসকেরা পর্যাপ্ত জল খাওয়ায় জোর দেন। সেই সঙ্গে বাদাম, পালংশাক-সহ বেশ কিছু খাবারের মাত্রা খানিক কমিয়ে ফেলতে বলেন, যাতে পাথর তৈরি হতে না পারে। কিন্তু কোন খাবার খেলে সেই ঝুঁকি কমতে পারে?

‘হার্ভার্ড হেলথ’-এ প্রকাশিত রিপোর্ট বলছে, লেবুতে থাকা সাইট্রেট কিডনি স্টোনের ঝুঁকি কমাতে পারে। সাইট্রেট হল এক ধরনের লবণ, যা ক্যালশিয়ামের সঙ্গে জুটি বেঁধে ক্যালশিয়াম সাইট্রেটে পরিণত হয়। ক্যালশিয়াম অক্সালেট বা ফসফেটের সঙ্গে যুক্ত হলে পাথর তৈরির ঝুঁকি বাড়ে। কিন্তু সাইট্রেট পাথর তৈরিতে বাধা সৃষ্টি করে।

জয়পুর নিবাসী ইউরোলজিস্ট লোকেশ শর্মা এক সাক্ষাৎকারে বলছেন, লেবুর জল খেলে প্রস্রাবের মাত্রা বাড়ে। তা ছাড়া, লেবুতে থাকা সাইট্রেট ধরনের কয়েকটি বিশেষ পাথর তৈরিতে বাধা হয়ে দাঁড়ায়।

তা ছাড়া, জল কম খেলে প্রস্রাব ঘন হয়ে যায়, তার ফলে বিভিন্ন খনিজ সহজে থিতিয়ে পড়ে পাথর তৈরির ঝুঁকি বাড়িয়ে দেয়। নিয়ম করে লেবু জল খেলে প্রস্রাবের পরিমাণ বাড়বে, পর্যাপ্ত জলেরও জোগান বজায় থাকবে। যা পরোক্ষে কিডনি স্টোনের ঝুঁকি কমার কারণ।

কিডনি স্টোনের ঝুঁকি কমাতে পারে লেবু জল?
‘দ্য ল্যানসেট’ নামক জার্নালে প্রকাশিত ২০২১ সালের একটি রিপোর্ট বলছে, টাটকা লেবুর রস খাওয়ার অভ্যাস কিছুটা হলেও ক্যালশিয়াম অক্সালেট জাতীয় স্টোন তৈরিতে বাধা হতে পারে। যদিও এর জন্য আরও পরীক্ষার প্রয়োজন। কারণ, দেখা গিয়েছে, যাঁরা দীর্ঘ দিন ধরে এই রোগে (কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি) ভুগছেন, তাঁদের ক্ষেত্রে এই নিরীক্ষা ততটা ফলপ্রসূ হয়নি।

চিকিৎসক লোকেশ শর্মার কথায়, শুধু লেবুর রস নয়, কিডনিতে পাথর তৈরি হওয়ার ঝুঁকি কমাতে হলে তার সঙ্গে পর্যাপ্ত জল খাওয়া এবং সঠিক খাদ্যতালিকাও গুরুত্বপূর্ণ।

তবে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের তথ্য বলছে, লেবুর রস পর্যাপ্ত জল দিয়ে খাওয়া হলে তা যেমন উপকারী, তেমনই কারও কারও ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। লেবুর রসের মাত্রা বাড়লে প্রস্রাবের অম্ল-ক্ষারের ভারসাম্য নষ্ট হতে পারে, সে ক্ষেত্রে তা স্বাস্থ্যহানির কারণও হতে পারে।

পাশাপাশি, কিডনির রোগের চিকিৎসক মহারাষ্ট্র নিবাসী বিনায়ক উকিরদে মনে করাচ্ছেন, লেবুর রস কিডনি স্টোন তৈরি হওয়া বা বড় হওয়ার পথে বাধা হতে পারে। কিন্তু তা বড় কোনও স্টোন বা পাথরকে গলিয়ে ফেলতে পারে না। ফলে কিডনি স্টোনের ওষুধ হিসাবে তা ব্যবহার করা যায় না, বরং সাবধানতা অবলম্বনে তা ডায়েটে যুক্ত করা যেতে পারে। তা ছাড়াও, চিকিৎসকেরা মনে করাচ্ছেন, অম্বলের ধাত থাকলে, ক্রনিক কিডনির অসুখ থাকলেও লেবুর রস বেশি খাওয়া ঠিক নয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]