স্বর্ণের দামে বড় লাফ

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০১:৫৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০১:৫৯:১৮ অপরাহ্ন
দেশের বাজারে স্বর্ণের দাম যেন কোনোভাবেই লাগাম মানছে না। সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে আবারও রেকর্ড গড়ল এই মূল্যবান ধাতু।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক ধাক্কায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে এক ভরি স্বর্ণের পেছনে গুনতে হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হতে শুরু করেছে। হঠাৎ করে এই আকাশছোঁয়া দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে রীতিমতো হাহাকার পড়ে গেছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ২৯ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]