বিশ্ববাজারে ফের কমছে স্বর্ণের দাম, দেশে আরও কমবে!

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:১৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:১৭:১২ অপরাহ্ন
টানা দুই সেশন বাড়ার পর বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। একইসঙ্গে নিম্নমুখী রয়েছে রুপাসহ অন্যান্য ধাতুর দামও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৪৫৭ ডলারে নেমেছে।
 
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যা বৈশ্বিক আর্থিক ও মুদ্রানীতির দিকনির্দেশনাতেও প্রভাব ফেলতে পারে। ক্যাপিটাল ডট কম-এর সিনিয়র আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় স্বর্ণের দাম মূলত আলোচনা সংক্রান্ত খবরের ওপরই নির্ভর করবে।
 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রায় চার সপ্তাহের লড়াই শেষ করতে ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া। তিনি এই মন্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করেছেন, যিনি আগে জানিয়েছিলেন যে তাদের দেশ মার্কিন প্রস্তাবটি পর্যালোচনা করছে, তবে সংঘাত নিরসনে কোনো আলোচনা করার ইচ্ছা নেই।
 
তবে বড় ধরনের পরিবর্তন সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে দেখা যেতে পারে, যখন এটি পরিষ্কার হবে যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান শুরু করবে কি না। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও জানিয়েছেন, তেহরান যদি সামরিক পরাজয় মেনে নিতে না চায়, তাহলে ইরানের ওপর আরও কঠোর আঘাত হানার পরিকল্পনা রয়েছে।
 
এদিকে, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সংঘাত জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে-এমন আশঙ্কায় ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠেছে।
 
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে তেহরান মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।
 
অপরিশোধিত তেলের উচ্চ মূল্য পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে উস্কে দেয়। যদিও সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে, উচ্চ সুদের হার এই অনুৎপাদনশীল ধাতুর চাহিদার ওপর চাপ সৃষ্টি করছে।
 
সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রায় কোনো সম্ভাবনাই দেখছে না। অথচ এই সংঘাতের আগে বাজার অন্তত দুইবার সুদের হার কমানোর আশা করছিল।
 
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও আরেক দফা কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।
 
এর আগে সবশেষ টানা ৬ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে মোট ২৮ হাজার ৯৮৫ টাকা। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
 
এদিকে বিশ্ববাজারে অন্যান্য ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৯০ ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৯৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৩৯৪ দশমিক ৮৩ ডলারে নেমেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]