ঝুঁকি বুঝে উদ্যোগ, ট্রেনের শত যাত্রীর প্রাণ বাঁচিয়ে সম্মান পেলেন এনামুল

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৫১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০৭:৫১:৩৮ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলপথে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সম্ভাব্য বড় দুর্ঘটনা ঠেকানো স্থানীয় বাসিন্দা মোঃ এনামুল হককে সম্মাননা দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। 

মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলভবনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রকৌশল) ফরিদ আহমেদ। তিনি বলেন, ২৩ মার্চ বিরামপুরের পূর্ব চন্ডীপুর এলাকায় নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে নিশ্চিত দুর্ঘটনা থেকে কয়েকশ যাত্রীকে রক্ষা করেছেন এনামুল হক। প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে এনামুল হক ট্রেনটি থামাতে সক্ষম হন। রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের এমন সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

রেলপথের অবস্থা সম্পর্কে ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চলের অনেক রেললাইন পুরোনো হয়ে গেছে, যা সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এটি অনুমোদিত হলে রেলপথ আরও নিরাপদ ও চলাচল উপযোগী হবে।

এনামুল হক তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পূর্ব চন্ডীপুর এলাকায় রেললাইনের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান তিনি। দ্রুত স্থানীয়দের রেলওয়ে কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করেন এবং লাল কাপড় না পেয়ে কলার মোচার পাপড়ি লাঠিতে বেঁধে সিগন্যাল দেন। কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এসে তার সংকেত দেখে নিরাপদ দূরত্বে থেমে যায়।

তিনি বলেন, এভাবে মানুষের জীবন বাঁচাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুদ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]