হরমোনের কারসাজিতে চোখের যে ৫ লক্ষণ অবহেলা করলে বড় বিপদ!

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩৭:৩৬ অপরাহ্ন
মেনোপজ বা ঋতুনিবৃত্তি একজন নারীর জীবনের এক অনিবার্য সন্ধিক্ষণ। এই সময়ে শরীরে হরমোনের যে ব্যাপক ওঠানামা চলে, তার প্রভাব পড়ে মাথা থেকে পা পর্যন্ত। আমরা সাধারণত হট ফ্ল্যাশ, মেজাজ হারানো বা হাড়ের সমস্যার কথা ভাবি, কিন্তু আড়ালে থেকে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ— চোখ।

অনেকেই জানেন না যে, মেনোপজের কারণে চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে বা সারাক্ষণ অস্বস্তি লেগেই থাকতে পারে। তাই এই ব্যাপারটা সর্বক্ষণই অবহেলা করেন বেশিরভাগ মহিলা।

মেনোপজের সময় নারী শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ নাটকীয়ভাবে কমে যায়। ইস্ট্রোজেন কেবল প্রজনন স্বাস্থ্যের জন্য নয়, শরীরের বিভিন্ন কলার আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বজায় রাখতেও বিশেষ ভূমিকা নেয়। যখনই এর অভাব ঘটে, চোখের কর্নিয়া ও অন্যান্য অংশ শুষ্ক হয়ে পড়ে। ফলে দৃষ্টিশক্তিতে তারতম্য আসা অস্বাভাবিক নয়। যারা চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, এই সময়ে তাদের সমস্যা আরও বাড়তে পারে।

হরমোনের কারসাজিতে আপনার চোখে কী কী বদল আসতে পারে, তা আগেভাগেই জেনে রাখা ভাল:

১. ড্রাই আই বা চোখের শুষ্কতা: এটি সবথেকে সাধারণ সমস্যা। ইস্ট্রোজেন কমলে চোখের জল তৈরির প্রক্রিয়া বিঘ্নিত হয়। চোখ জ্বালা করা, চুলকানি বা চোখে বালি ঢুকে থাকার মতো একটা খসখসে অনুভূতি হতে পারে।
২. ঝাপসা দৃষ্টি: কর্নিয়ার পুরুত্ব ও আকারে সূক্ষ্ম পরিবর্তন আসায় মাঝেমধ্যেই সব কিছু ঘোলাটে মনে হতে পারে। একবার পরিষ্কার দেখছেন, তো পরের মুহূর্তেই সব অস্পষ্ট— এমনটা হলে বুঝবেন হরমোনের প্রভাব পড়ছে।
৩. আলোয় সংবেদনশীলতা: তীব্র আলো সহ্য করতে না পারা বা কম্পিউটারের স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকালে মাথাব্যথা হওয়া মেনোপজের অন্যতম উপসর্গ হতে পারে।
৪. চশমার পাওয়ার বদল: এই সময়ে চোখের ফোকাস করার ক্ষমতা কমে যেতে পারে, যার ফলে ঘন ঘন চশমার পাওয়ার পরিবর্তনের প্রয়োজন হয়। বিশেষ করে রিডিং গ্লাস বা কাছের জিনিস পড়ার ক্ষেত্রে সমস্যা বাড়ে।
৫. গুরুতর রোগের ঝুঁকি: হরমোনের এই ভারসাম্যের অভাব পরোক্ষভাবে ছানি, গ্লুকোমা বা ম্যাকুলার ডিজেনারেশনের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গভীর প্রভাব: কর্নিয়া থেকে রেটিনা

এটি শুধু ওপর ওপর হওয়া কোনো অস্বস্তি নয়। হরমোনের ঘাটতি চোখের গভীরেও প্রভাব ফেলে:

কর্নিয়া: সংবেদনশীলতা কমে যাওয়ায় এখানে দ্রুত ইনফেকশন বা ড্রাইনেস দেখা দেয়।
লেন্স: হরমোনের প্রভাবে লেন্সের বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে, যা থেকে অকালে ছানি পড়ার ভয় থাকে।
রেটিনা: রক্ত সঞ্চালন কমে যাওয়ার ফলে রেটিনার দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে।
জীবনযাত্রার কোন ভুলগুলো সমস্যা বাড়িয়ে দিচ্ছে?

আপনার রোজকার কিছু অভ্যেস কিন্তু এই সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে:

অতিরিক্ত মানসিক চাপ: স্ট্রেস বাড়লে কর্টিসল হরমোন বাড়ে, যা চোখের অস্বস্তি আরও বাড়িয়ে দেয়।
ডায়েটে অবহেলা: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অভাব চোখের আর্দ্রতা কমিয়ে দেয়।
জল কম খাওয়া: ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব হলে চোখ শুকিয়ে যাওয়া স্বাভাবিক।
স্ক্রিন টাইম: দীর্ঘক্ষণ ফোন বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকলে চোখের ওপর বাড়তি চাপ পড়ে।
স্বস্তি পেতে কী করবেন?

মেনোপজকে তো আর এড়ানো যাবে না। তাই কিছু বিষয়ে সতর্ক থাকুন। 

খাবারে বদল আনুন: খাদ্যতালিকায় রাখুন সামুদ্রিক মাছ, বাদাম, ফল এবং প্রচুর সবুজ শাকসবজি। ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার চোখের পরম বন্ধু।
আর্টিফিশিয়াল টিয়ার্স: চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রিজারভেটিভ-মুক্ত আইড্রপ বা কৃত্রিম চোখের জল ব্যবহার করতে পারেন। এতে চোখের খসখসে ভাব দূর হবে।
নিয়মিত চেক-আপ: বছরে অন্তত একবার চোখের ডাক্তার দেখান। কোনও রোগের শুরুতেই চিকিৎসা হলে বড় বিপদ এড়ানো যায়।
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT): অনেক ক্ষেত্রে চিকিৎসকরা HRT-র পরামর্শ দেন। তবে এটি আপনার জন্য কতটা নিরাপদ, তা বিশেষজ্ঞ ডাক্তারের থেকে জেনে নেওয়া জরুরি।
রোদচশমার ব্যবহার: বাইরে বেরোলে অবশ্যই ভাল মানের UV-প্রোটেক্টিভ সানগ্লাস পরুন।

কখন সতর্ক হবেন?
যদি হঠাৎ করে দৃষ্টিশক্তি কমে যায়, চোখে প্রচণ্ড ব্যথা হয় বা চোখের সামনে ভাসমান বিন্দুর আধিক্য বেড়ে যায়— তবে এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হন।

মেনোপজ মানেই জীবনে পরিবর্তন আসা- এটা ঠিকই। কিন্তু একটু সচেতন থাকলে সেইসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব। হরমোনের প্রভাবে চোখের যে সমস্যাগুলো দেখা দেয়, তা সঠিক যত্ন আর সচেতনতায় অনায়াসেই সামলানো সম্ভব। তাই নিজের চোখের দিকে একটু বাড়তি নজর দিন, যাতে জীবনের এই দ্বিতীয় ইনিংসেও আপনার দৃষ্টি থাকে স্বচ্ছ ও উজ্জ্বল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]