অনুমোদন ছাড়াই সেমাই বিক্রি, নগরীর শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে বিএসটিআইয়ের জরিমানা

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৫:৩৯:০২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়াই লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) প্যাকেটজাত ও বিক্রি করায় মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি প্যাকেটজাত করে বিক্রি-বিতরণ করছিল। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল।

এ কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স গ্রহণের আগ পর্যন্ত তাদের প্যাকেটজাত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি-বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই রাজশাহী কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]