রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৮:২৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৮:২৫:৩৩ অপরাহ্ন
রাজশাহীর পবা উপজেলায় লাইসেন্সবিহীনভাবে নিম্নমানের পণ্য উৎপাদন ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (দুপুর ১২টা) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কোনো প্রকার যন্ত্রপাতি ব্যবহার না করে নিম্নমানের ‘স্যানিটারি ন্যাপকিন’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন এবং উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মোমিন ভবিষ্যতে বিএসটিআই’র অনুমোদন ছাড়া এ ধরনের পণ্য উৎপাদন, বিক্রি বা বিতরণ করবেন না, মর্মে লিখিত অঙ্গীকারনামা দেন।

এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স বাঁধন দই ঘর নামের আরেকটি প্রতিষ্ঠান বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইংয়ের কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিএসটিআই’র কর্মকর্তা মো. আজিজুল হাকিম ও মো. মসফিকুল হাসানসহ পবা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]