চারঘাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা এরশাদ আলী নিহত

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৫৭:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৫৭:৩২ পূর্বাহ্ন
রাজশাহীর চারঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় এরশাদ আলী (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (রাত ৯টা) উপজেলার ইউসুফপুর এলাকায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, নামাজ শেষে বাড়ি ফেরার সময় অতর্কিতভাবে একদল লোক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

দলীয় একাধিক সূত্র দাবি করেছে, এরশাদ আলী রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ-এর অনুসারী ছিলেন।

ঘটনার বিষয়ে জানতে শুক্রবার রাত দেড়টার দিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম। তিনি জানান, ওসি ছুটিতে থাকায় তিনি দায়িত্ব পালন করছেন।

এসআই সিরাজুল ইসলাম জানান, আগামী এপ্রিলে একটি মাহফিল আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এক পক্ষ সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার কথা বললেও অপর পক্ষ বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার দাবি তোলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন এরশাদ আলীর ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে চারঘাট মডেল থানায় রাখা হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]