৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৩:৩৭:৪৪ অপরাহ্ন
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, হৃদয় (২৩), আশুলিয়া উপজেলার জামগড়া গ্রামের হাসান হাওলাদারের ছেলে; সুমন (২০), আশুলিয়া উপজেলার তৈয়বপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে; ফরহাদ (৩০), একই উপজেলার ধনিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং আমিনুল ইসলাম (২৪), লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরভিটা গ্রামে বাসিন্দা মো. হাফিজুর রহমানের বসতবাড়িতে ১২টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে ৮টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় চারজনকে আটক করে। এ সময় স্থানীয়দের মারধরের ঘটনাও ঘটে।

পরে খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]