ফুলবাড়ী-পার্বতীপুর আসনে উৎসবের আবহে ভোট

আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:২৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:২৯:৩২ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পৌর এলাকার কিছু কেন্দ্রে শুরুতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের ভিড়। শীত ও কুয়াশা উপেক্ষা করে অনেকেই ভোরেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই লাইন কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে পাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ও নতুন ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সকাল দিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “১৬-১৭ বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। এই দিনটিকে মানুষ ঈদের আনন্দের মতো উদযাপন করবে বলে আমি বিশ্বাস করি। নতুন ভোটারদের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে তিনি প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন এবং নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির ব্যারিস্টার একেএম কামরুজ্জামান (ধানের শীষ), ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত প্রার্থী ডা. আব্দুল আহাদ (শাপলা কলি), জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা), এসএম জাকারিয়া বাচ্চু (কলস), অ্যাডভোকেট যজরত আলী বেলাল (হরিণ) এবং মো. রোস্তম আলী (মোটরসাইকেল)।

ইউএনও আহমেদ হাছান জানান, ফুলবাড়ী উপজেলায় ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৯৪৪ জন, নারী ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তদারকিতে রয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]