জামায়াত নেতার মৎস্য খামারে মিলল অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৭:৫৩:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৭:৫৩:০২ অপরাহ্ন
অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক জামায়াত নেতার মালিকানাধীন মৎস্য খামার থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার সময় উপজেলার মাগুয়া গ্রামে অবস্থিত ‘আল-বাশারাত’ মৎস্য খামারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

নাঙ্গলকোট সেনাবাহিনী ক্যাম্পের সার্জেন্ট মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযানে অংশ নেয়। অভিযানকালীন সময়ে খামার এলাকা থেকে ৫৯টি এসএস পাইপ, ৪৬টি জর্দার খালি কৌটা, ২০০ গ্রাম পটাশিয়াম, ১০০ গ্রাম গন্ধক, ১২টি স্কচটেপ এবং একটি ফয়েল পেপার জব্দ করা হয়। এসব উপকরণ ককটেল তৈরিতে ব্যবহার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র ও সরঞ্জাম মজুদ করা হয়েছিল।

অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট নাশকতাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামাদি নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]